মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৮:১৯

চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর

পাঁচ পূজামণ্ডপ পরিদর্শনকালে আলহাজ্ব মোশারফ হোসাইন

আব্দুল্লাহ আল মামুন।।
চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর

শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে চাঁদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন হাওলাদার। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) তিনি চাঁদপুর শহরের বাবুরহাট ও মঠখোলা এলাকার পাঁচটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও আয়োজনের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। চাঁদপুর আমাদের প্রাণের জেলা, এই শহরকে আমরা ভালোবাসি। আমি এমন একটি চাঁদপুর গড়তে চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত, সবার জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য শহর।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “চাঁদপুর পৌরসভার মেয়র হিসেবে কাজ করার সুযোগ পেলে এ শহরকে একটি নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তুলব। পৌরবাসীর শাসক নয়, সেবক হিসেবে তাদের পাশে থাকতে চাই। পৌরবাসী আস্থা রাখলে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের আমানত রক্ষা করবো।”

তরুণ সমাজকে দেশের ভবিষ্যৎ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “আগামী দিনের সমৃদ্ধ চাঁদপুর গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তবে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখার দায়িত্ব আমাদের সবার।” শারদীয় দুর্গোৎসব মানুষের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করে বলে তিনি মন্তব্য করেন।

পরিদর্শনের শুরুতে তিনি বাবুরহাটের ১৪ নম্বর ওয়ার্ডে স্বর্গীয় রমেশ চন্দ্র দে বাড়ির ঐতিহ্যবাহী সর্বজনীন শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপে যান। সেখানে তাঁকে স্বাগত জানান পূজা উদযাপন কমিটির সভাপতি জওহর লাল আচার্য ও সাধারণ সম্পাদক যুবরাজ দাস। এ সময় সহসভাপতি ব্রজ গোপাল দাস, রমেশ চন্দ্র দে পরিবারের সদস্য সুমন দে ও চন্দন দেসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে তিনি একই ওয়ার্ডের শেষ সীমানা এলাকায় স্বর্গীয় সুরেন্দ্র দাসের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ দাস ও সাধারণ সম্পাদক সত্যজিৎ দাসের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, পৌর শহরের কেন্দ্রীয় উন্নয়নের পাশাপাশি সীমানা সংলগ্ন এলাকাগুলোতেও সমানভাবে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।

এরপর তিনি বাবুরহাটের স্বর্গীয় নান্টুদের বাড়ি ও স্বর্গীয় কুলদা প্রসাদের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন। সর্বশেষ ১৩ নম্বর ওয়ার্ডের মঠখোলা শিববাড়ি ঠাকুরবাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করে আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চন্দন দে, তপন চন্দ্র পাল, মোজাম্মেল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুর রহমান, বিএনপি নেতা মোস্তফা পাটোয়ারীসহ স্থানীয় অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়