প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৮:৫৬
শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় তোলপাড়

শাহরাস্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় রাজনীতিতে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুর থেকে ফেসবুকের বিভিন্ন আইডিতে মিছিলটির ভিডিওটি দৃশ্যমান হতে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে এদিন ভোরে মুদাফফরগঞ্জ-চিতোষী সড়কে মিছিলটি বের করা হয়। পরবর্তীতে দুপুরে তিনি নিজ ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওটি প্রকাশের পর স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ ক'জন নেতাকর্মী এটিকে স্বাগত জানিয়ে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।
ঘটনার সত্যতা ও ভৌগোলিক অবস্থান সম্পর্কে শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন বলেন, “লাকসাম, মনোহরগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকাতেই মিছিলটি বের করা হয়েছিল। আমরা ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরো বিষয়টি অবহিত করেছি এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।”
এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মিছিলের সংগৃহীত ভিডিওটি তিনি পেয়েছেন। তাঁর ধারণা, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সদস্যরা ব্যস্ত থাকার সুযোগ নিয়ে রায়শ্রী উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চণ্ডীপুর এলাকায় মিছিলটি সম্পন্ন করা হয়ে থাকতে পারে। ভিডিওটি মঙ্গলবার পোস্ট করা হলেও মিছিলটি আগে হয়ে থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
ওসি আরও জানান, মিছিলটির সঠিক স্থান, সময় এবং জড়িতদের বিস্তারিত পরিচয় শনাক্তের কাজ চলছে। বিস্তারিত তথ্য পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








