মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৯:২১

কেউ নিজেদের সংখ্যালঘু ভাববেন না

— পুরান বাজারে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

স্টাফ রিপোর্টার।।
কেউ নিজেদের সংখ্যালঘু ভাববেন না

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখা এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে তাঁদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) মহাঅষ্টমীর রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুর পৌরসভার পুরান বাজার এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এই আশ্বাস দেন। পরিদর্শনকালে তিনি পূজারী, ভক্ত ও মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দাসপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ও শ্রী শ্রী শিব মন্দির পূজামণ্ডপ, ২ নম্বর ওয়ার্ডের হরিসভা কমপ্লেক্স এবং ১ নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সার্বজনীন দুর্গামন্দির ঘুরে দেখেন।

মণ্ডপে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে আমাদের সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। চাঁদপুরের মানুষ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিতে সহাবস্থান করে আসছে। আমাদের এই ঐতিহ্য যে কোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সবাইকে নিয়ে এ উৎসব উদযাপন করতে হবে। আমাদের সমাজে কোনো ধর্মের মানুষ যেন নিজেদের কখনো সংখ্যালঘু মনে না করেন, সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে পারলেই সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

মণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে তাঁর সহধর্মিণী মুনিরা আহমেদ এবং কন্যা ফারিশা আহমেদ মানহা উপস্থিত ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন— চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়