প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ২১:১১
বাগাদীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব অটোরিকশাচালক খালেক, খোলা আকাশের নিচে পরিবার

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ব্রাহ্মণ সাখুয়া এলাকার নন্দী বাড়িতে অগ্নিকাণ্ডে অটোরিকশাচালক আবদুল খালেকের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
|আরো খবর
রোববার (১৮ অক্টোবর ২০২৬) মাগরিবের নামাজের পরপরই কবিরাজ বাড়ির পাশের ওই বসতঘরে হঠাৎ ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরের কোনো আসবাবপত্র কিংবা জরুরি মালামাল বের করা সম্ভব হয়নি। চোখের সামনেই পরিবারের মাথাগোঁজার একমাত্র ঠাঁইটি ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত আবদুল খালেক অত্যন্ত দরিদ্র ও দিনআনা-দিনখাওয়া মানুষ। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে তিনি কোনোমতে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। একমাত্র থাকার ঘরটি হারিয়ে বর্তমানে পরিবার নিয়ে চরম মানবেতর পরিস্থিতিতে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তিনি। এই অগ্নিকাণ্ডে তাঁর পরিবারে নেমে এসেছে গভীর শোক ও চরম অনিশ্চয়তা।
সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া অটোরিকশাচালক খালেক ও তার পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে স্থানীয় বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই সাথে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের আশু দৃষ্টি আকর্ষণ ও মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।







