প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২১:১০
মতলব উত্তরে ১৬ হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মতলব উত্তর উপজেলায় এক হাজার টাকা মূল্যমানের ১৬টি জাল নোটসহ (মোট ১৬ হাজার টাকা) নিজাম উদ্দিন (৩৯) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরোচর এলাকার দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৫ অক্টোবর ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মতলব উত্তর থানা পুলিশ।
|আরো খবর
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এখলাছপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর বোরোচর এলাকায় অভিযান চালায়। এ সময় নিজাম উদ্দিন ও রোজিনা বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে এক হাজার টাকার ১৬টি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জাল নোটগুলো জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দম্পতির বিরুদ্ধে মতলব উত্তর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জাল নোটের চোরাকারবার ও এর সঙ্গে জড়িত চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।








