প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪
আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : মনিকুর রহমান মানিক

মাদকের ভয়াবহতা, অপব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে চাঁদপুর সদর উপজেলার আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মনিকুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী প্রসিকিউটর মো. মাসুম আলম। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বেপারী। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদকের অপব্যবহার একজন মানুষের স্বাভাবিক জীবনকে ধ্বংস করার পাশাপাশি শিক্ষা, কর্মজীবন, পারিবারিক সম্পর্ক ও সামাজিক অবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথি মানিকুর রহমান মানিক বলেন, একজন শিক্ষার্থীকে মাদকের হাত থেকে রক্ষা করা মানে শুধু একটি জীবনকে রক্ষা করা নয়, বরং একটি পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। তাই মাদকের বিরুদ্ধে প্রতিটি পরিবার, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিটি সচেতন নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি শিক্ষার্থীদের মাদক থেকে সম্পূর্ণভাবে দূরে থাকার পাশাপাশি বন্ধু ও সহপাঠীদেরও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার আহ্বান জানান। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই নিজেদের জীবন সুন্দর ও নিরাপদ রাখতে মাদককে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে।
আলোচনা সভায় শিক্ষার্থীদের মাদক গ্রহণের বিভিন্ন ক্ষতিকর দিক, মাদকাসক্তির কারণ ও পরিণতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও তরুণ সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাদকের প্রলোভন ও অপসংস্কৃতি থেকে নিজেদের দূরে রেখে পড়াশোনা, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল ও মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।








