প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৪
সোমবার বাদ আসর জানাজা
শাহাতলী কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আহসান হাবীবের ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলাধীন শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষক ও চাঁদপুর শহরের ব্যাংক কলোনি জামে মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা আহসান হাবীব আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য ছাত্র, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ের জামাতা মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন চাঁদপুরী চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
মরহুমের বড় ছেলে মাহমুদুল হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন, মেজো ছেলে হাফিজুর রহমান প্রবাসী এবং ছোট ছেলে মেহেদী হাসান রাফি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) বাদ আসর ফরিদগঞ্জ উপজেলার দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আলেম হিসেবে পরিচিত মাওলানা আহসান হাবীবের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও সুধীমহলে গভীর শোকের ছায়া নেমে আসে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।








