শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৭:০৯

নির্ভয়ে চিকিৎসাসেবা দিন, মিথ্যা অপপ্রচারে কঠোর ব্যবস্থা

----ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক এমপি

কামরুজ্জামান টুটুল।।
নির্ভয়ে চিকিৎসাসেবা দিন, মিথ্যা অপপ্রচারে কঠোর ব্যবস্থা
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) হাজীগঞ্জ শাখা আয়োজিত মতবিনিময় সভায় চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাসপাতাল ও চিকিৎসা বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং রিসাইক্লিং জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কার্যকর ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।

তিনি বলেন, “আপনারা নির্ভয়ে চিকিৎসাসেবা দিয়ে যান। কোনো ধরনের মব সৃষ্টি, হয়রানি বা মিথ্যা অপপ্রচারের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

গত শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাতে হাজীগঞ্জে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) হাজীগঞ্জ শাখা আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা বর্জ্যের পরিবেশবান্ধব ব্যবস্থাপনা এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মানবিক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠায় অস্বাস্থ্যকর প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে, যা বন্ধ করা জরুরি। হাজীগঞ্জের মানুষ যেন উন্নত, নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। ব্যবসায়িক লাভ-ক্ষতির চেয়ে সেবার মানসিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়াতে হবে। হাজীগঞ্জের স্বাস্থ্যখাতকে আরও আধুনিক ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।”

সংগঠনের সভাপতি ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইনসাফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইব্রাহিম খান রনি, মডেল হাসপাতালের এমডি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ, শাহজাহান মেমোরিয়াল হাসপাতালের এমডি ডা. নজিবুল আলম মিয়াজী, শাহ মিরান হাসপাতালের চেয়ারম্যান ডা. ওয়াসিক ফয়সাল এবং ভিআইপি হাসপাতালের চেয়ারম্যান ডা. আরিফুল ইসলাম সুমন।

সভায় হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম পাটোয়ারী, ডা. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মুহিবুল আলম রুবেল, ডা. রাইছুল ইসলাম রুবেল, ডা. মাহমুদুর রহমান সাব্বির এবং ৫ নম্বর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান কানু পাটোয়ারীসহ উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও মালিকরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য আব্দুল হান্নান। সভাশেষে নির্বাচিত নতুন নেতৃবৃন্দ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়