প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪
আপনাদের জন্যে আমার দরজা সবসময় খোলা
ফরিদগঞ্জের নবাগত ইউএনও মেহেদী হাসান মানিক

ফরিদগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেছেন, "মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আমাদের প্রধান কাজ হবে এর মূল উৎসমুখ চিহ্নিত করা। ফরিদগঞ্জ কোনো সীমান্তবর্তী এলাকা নয়, তাই এখানে কীভাবে মাদক প্রবেশ করছে তা খুঁজে বের করতে হবে। মাদকসেবী ও কারবারিদের পাশাপাশি মাদকের উৎস বন্ধে আমরা সবাই মিলে কাজ করলে ফরিদগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব।"
|আরো খবর
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে অভিভাবকদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে ইউএনও বলেন, "সন্তানরা কোথায় যাচ্ছে, সন্ধ্যার পর কেন বাইরে অবস্থান করছে—এ বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ রোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অভিভাবক সমাবেশ করে এর কুফল ও সামাজিক ক্ষতি সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন।"
ফরিদগঞ্জের শিক্ষার ঐতিহ্য তুলে ধরে তিনি আরও বলেন, "এ অঞ্চল শিক্ষা-দীক্ষায় অত্যন্ত সমৃদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ সারির বিদ্যাপীঠগুলোতে বৃহত্তর কুমিল্লার শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল উপস্থিতি দেখা যায়। এই ধারা অব্যাহত রাখতে পারলে আগামী দিনেও এ অঞ্চলের সন্তানরাই দেশকে নেতৃত্ব দেবে।"
সহযোগিতা চেয়ে নবাগত ইউএনও বলেন, "যোগদানের পর থেকেই ফরিদগঞ্জকে আমি নিজের পরিবারের অংশ মনে করি। নীতি ও নৈতিকতার জায়গায় থেকে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা পূর্ববর্তী ইউএনওদের যেভাবে সহযোগিতা করেছেন, আমাকেও একইভাবে সহায়তা করবেন। যে কোনো প্রয়োজনে আপনাদের জন্যে ইউএনওর দরজা সবসময় খোলা।"
উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, সদস্য সচিব দেলোয়ার হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, শাহজাহান মাস্টার, জসিম উদ্দিন স্বপন, জহিরুল ইসলাম, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া এবং আদর্শ একাডেমির প্রধান শিক্ষক হারুনুর রশিদসহ অন্য নেতৃবৃন্দ।
এর আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচয়পর্বে অংশ নেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।








