প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯
নির্বাচনকালীন দায়িত্ব পালনে চাঁদপুর জেলা পুলিশের দুদিনব্যাপী চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের দক্ষতা, সক্ষমতা ও পেশাগত দায়িত্ব পালনের মান বৃদ্ধিতে দুদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ৪র্থ ব্যাচ শুরু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা রক্ষা, পেশাগত দায়িত্ব পালনের কৌশল এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মিয়াজী আলিফ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব যথাযথভাবে, দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশনা দেন। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ, আইনানুগ আচরণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি ও সক্ষমতা আরও জোরদার হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।








