প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৮:৪০
কচুয়ার সহদেবপুর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

২০২৫-২০২৬ অর্থবছরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কচুয়া উপজেলার সহদেবপুর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই কর্মসূচির আওতায় ৪৭ হাজার ৯৩৬টি পরিবারকে চাল দেয়া হচ্ছে।
|আরো খবর
শুক্রবার (২২ মে ২০২৬) সকালে সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এ সময় তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেনো ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ। এ সময় ইউপি সচিব মো. জসীম উদ্দিন মজুমদার, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম রাখাল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান প্রধান, যুবদল সভাপতি রুহুল আমিন, যুবদল নেতা আলমগীর হোসেন, হানিফ, আলামিন মৌলভী, সুজন, সজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের ভাষ্য, এ ধরনের সহায়তা ঈদ উদযাপনে বাড়তি স্বস্তি এনে দেয়।উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
ছবি: কচুয়ার সহদেবপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ বিতরণ উদ্বোধন করেন মো. আলমগীর হোসেন।








