শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৯:১৩

বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায়: বাবুরহাট স্কুলের সামনে অটোস্ট্যান্ড উচ্ছেদ!

পলাশ দে
বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায়: বাবুরহাট স্কুলের সামনে অটোস্ট্যান্ড উচ্ছেদ!
ক্যাপশন:বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার সামনে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করে দেয়াল নির্মাণ ও ফুলের বাগান তৈরির কাজ চলছে। ছবি: পলাশ দে।

চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার প্রধান ফটকের সামনে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ অটোরিকশা স্ট্যান্ড অবশেষে উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের উদ্যোগে পরিচালিত এ পদক্ষেপে স্বস্তি ফিরেছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে।

জানা যায়, বিদ্যালয়ের মূল গেটের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করা হতো। এতে করে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হতো। এছাড়া এলোমেলোভাবে অটোরিকশা পার্কিং এবং চালকদের অশৃঙ্খল আচরণের কারণে পরিবেশও ছিল বিশৃঙ্খল। বিষয়টি দীর্ঘদিন ধরে স্থানীয়দের দৃষ্টিগোচর হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অবশেষে গতকাল (১৭ এপ্রিল ২০২৬) স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের সমন্বয়ে একটি উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হান্নান বেপারী, চাঁদপুর জেলা যুবদল নেতা মো. আব্দুল করিম হাওলাদার, ওয়ার্ড যুবদল নেতা মো. সেলিম শেখ এবং মো. মামুন পলোয়ানসহ অন্যান্য নেতাকর্মীরা।

তাদের উদ্যোগে বিদ্যালয়ের গেটের সামনে থেকে অটোরিকশা স্ট্যান্ড সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে সেখানে কোনো যানবাহন না থামানোর জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জায়গাটি দখলমুক্ত করে ইটের দেয়াল নির্মাণের মাধ্যমে একটি নান্দনিক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নিজস্ব অর্থায়নে এখানে একটি ফুলের বাগান গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের মতে, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের ফলে এখন শিক্ষার্থীরা নিরাপদ ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। একই সঙ্গে দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে উঠলে ইভটিজিংসহ নানা সামাজিক সমস্যাও কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ বিষয়ে মো. হান্নান বেপারী বলেন, “বাবুরহাট উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এর পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে এখানে একটি সুন্দর ফুলের বাগান গড়ে তোলা হবে।”

অন্যদিকে, যুবদল নেতা মো. আব্দুল করিম হাওলাদার বলেন, “সুন্দর ও শৃঙ্খল সমাজ গড়তে এমন উদ্যোগ অত্যন্ত জরুরি। আমরা মাদকমুক্ত ও ইভটিজিংমুক্ত পরিবেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, স্থানীয় সংসদ সদস্যের দিকনির্দেশনা অনুযায়ী এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়