প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ২২:০১
ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় এম এ হান্নান এমপি
বিশৃঙ্খলাকারী যে দলের বা ধর্মের হোক না কেনো তাকে ছাড় দেয়া হবে না

ফরিদগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক। একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এমএ হান্নান।
|আরো খবর
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধিগণ নিজেদের দায়িত্ব অবশ্যই পালন করবেন। আমাদের সকল পর্যায়ের নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় পূজা মণ্ডপে যাতে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয় সেজন্য কমিটি গঠন করতে হবে। একই সাথে জামায়াত ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দল তারাও তাদের অবস্থান থেকে কাজ করতে হবে। দুর্গাপূজাকে সামনে রেখে যাতে কেউ বা কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে।বিশৃঙ্খলাকারী সে দলের বা ধর্মের হোক না কেনো তাকে কোনোরকম ছাড় দেয়া হবে না। আমরা সকলকে নিয়ে শান্তির ফরিদগঞ্জ গড়তে চাই। যেখানে সকল ধর্মাবলম্বী নির্বিঘ্নে ও নিরাপদে বসবাস করবে। ফরিদগঞ্জে এ বছর ২৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই আমরা প্রতিটি মন্দিরের খোঁজ খবর নিয়েছি, আশা করছি বিগত বছরের ন্যায় এবারো সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, বিএনপি নেতা ও গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাও. ইউনুছ হেলাল, ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, শাহ আলম শেখ, বিএনপি নেতা আবুল বাসার মুকুল পাটওয়ারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ শাখার সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল ও সম্পাদক তপন কুমার মজুমদার।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান, শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, আনসার ভিডিবি কর্মকর্তা সনজিত চন্দ্র, বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া প্রমুখ।








