প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫৬
নির্বাচন-পরবর্তী ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
আপনারা রায় দিয়েছেন, এখন আমার কাজ আপনাদের সেবা করা

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক নির্বাচন-পরবর্তী ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন দিয়ে তিনি এই কর্মসূচি শুরু করেন। এরপর বিকেলে চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ব্যবসায়িক এলাকা পুরাণবাজারে নির্বাচন-পরবর্তী ভোটারদের সাথে সাক্ষাৎ করেন তিনি।
পুরাণবাজার চেম্বার ভবনের সামনে অটোস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে মসজিদ পট্টি, ট্রাংকপট্টি, খলিফা পট্টি, গোয়ালপট্টি এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় তিনি বলেন, আপনাদের মূল্যবান ভোটে আমি জয়যুক্ত হয়েছি। আপনারা আপনাদের রায় দিয়েছেন, এখন আমার কাজ আপনাদের সেবা করা। আমি আপনাদের প্রতি, দলের প্রতি এবং দলের প্রতিটি নেতা-কর্মী ও সমর্থকদের কাছে কৃতজ্ঞ।
এ সময় তাঁর সাথে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আ. কাদের বেপারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী শাহজালাল শেখ, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম নজু বেপারী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি, সদস্য সচিব মিহির মল্লিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক নির্বাচন-পরবর্তী জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করে চলছেন।








