প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯
হাইমচর উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা সভায় শেখ ফরিদ আহমেদ মানিক এমপি
সবার সহযোগিতায় হাইমচরকে মডেল উপজেলা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) হাইমচর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
সকাল ১১টায় হাইমচর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হকের সঞ্চালনায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা ও পরবর্তীতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আমি হাইমচরকে সবসময় মনেপ্রাণে ধারণ করি। আপনারা যারা অফিস ও বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন, তারা সবাই সময়টা ম্যানটেন করবেন। আপনারা যদি আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন, তাহলেই এই হাইমচরকে মডেল উপজেলায় রূপান্তর করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আমি হাসপাতালের উন্নয়নমূলক কাজের জন্যে অনেক আগেই মন্ত্রণালয়ে চাহিদা পাঠিয়েছি। পর্যায়ক্রমে হাসপাতালের সকল সমস্যার সমাধান করা হবে। আজকে থেকে হাইমচরে রাত ৯টার পর স্কুল-কলেজ পড়ুয়া কোনো কিশোর ও যুবক বিনা প্রয়োজনে যদি রাস্তায় বের হয়, তাহলে তাদেরকে প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। মাদকদ্রব্য, নেশাগ্রস্ত, চাঁদাবাজকে অতি দ্রুত ধরতে হবে। কেউ যদি এসব অপরাধীকে ছাড়াতে সহায়তা করে, তাহলে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। যারা নেশার সাথে জড়িত, তাদের প্রতি জিরো টলারেন্স ঘোষণা করছি। আমি আমার নেতাকর্মীদেরকেও ছাড় দেই না, সামনেও দেবো না। এখন থেকে সকল কাজে স্বচ্ছতা থাকতে হবে। চাল বিতরণ, কাবিখা, কাবিটাসহ অন্য যে কোনো কাজে সরাসরি ফেসবুকের মাধ্যমে স্বচ্ছতা দেখাতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী রয়েছে। তারা যেন অসাধু পন্থা অবলম্বন করে টাকা রোজগার না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সরকারি সকল উন্নয়নমূলক কাজে সম্মিলিত সহযোগিতা থাকলে দেশ ও জাতির উন্নতি হবে।
মাসিক সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল ইসলাম, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এবিএম আশরাফুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার মো. মানছুর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আজহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা পিআইও অফিসার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, উপজেলা পল্লী বিদ্যুতায়ন ইনচার্জ, হাইমচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণ, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের সচিবগণসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মাসিক সমন্বয় সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সাংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অনুষ্ঠান শেষে আলগী বাজার ব্যবসায়ী ও পথচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।








