প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৪
হৃদরোগে আক্রান্ত মার্কেন্টাইল লাইফের এসইভিপি
জাকির হোসেনের খোঁজ খবর নিতে হাসপাতালে অ্যাড. শাহজাহান মিয়া

মার্কেন্টাইল লাইফ ইন্সুরেন্স লিমিটেডের চাঁদপুর ডিভিশনের এসইভিপি ও ইনচার্জ পি. জাকির হোসেন গাজী হৃদরোগে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এদিকে অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে জাকির হোসেন গাজীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে অ্যাড. শাহজাহান মিয়া মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় তিনি বলেন, “মানুষের জীবন আল্লাহর অমূল্য নিয়ামত। আমরা মহান রবের কাছে প্রার্থনা করি, তিনি যেন জাকির হোসেন গাজীকে দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দেন।”
দলীয় ও সামাজিক বিভিন্ন স্তরের নেতাকর্মী, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরাও তার সুস্থতা কামনা করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে তাঁর সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করছে।
উল্লেখ্য, জাকির হোসেন গাজী দীর্ঘদিন ধরে বীমা খাতে দায়িত্বশীল পদে থেকে চাঁদপুর অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।








