প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৬:৫৭
জুলাই শহিদ ১০ পরিবারকে আর্থিক সহযোগিতা দিলো জেলা জামায়াত

জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী চাঁদপুরের শহিদ ১০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
|আরো খবর
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকালে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ দারুস সালাম ইসলামিক সেন্টারে জেলা জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ শহিদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
এ সময় শহিদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, বীর সন্তানদের আত্মত্যাগের বিনিময়েই আজ দেশ নতুন দিগন্তের দেখা পেয়েছে। এই বীর শহীদদের পরিবার আমাদের আমানত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতেও শহীদ পরিবারের যে কোনো প্রয়োজনে এবং সার্বিক খোঁজখবর রাখতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে এ দেশের সব শ্রেণি-পেশার মানুষ চেষ্টা করেছে দেশকে ফ্যাসিবাদমুক্ত করার জন্য। প্রথমে রাজনৈতিক দলগুলো চেষ্টা করে না পারলেও শেষ সময়ে ছাত্রদের সঙ্গে জনতার অংশগ্রহণে আন্দোলনের মুখে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে এবং হাসিনার শাসনের পতন হয়েছে।
তিনি বলেন, বিপ্লবের উদ্দেশ্য ছিলো দেশের মানুষ সুন্দরভাবে বসবাস করবে এবং জুলাই বিপ্লবে শহীদ পরিবার মূল্যায়িত হবে। কিন্তু নির্বাচনের পরে বিএনপির আচরণে মনে হয়, জুলাই বলতে কিছুই হয়নি। তারা এই বিপ্লবকে স্বীকার করতে চায় না। নানা ধরনের কথা বলছে—সংবিধানে নেই। হাসিনা পালিয়েছে, এটিও সংবিধানে নেই। মূলত এখন জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে। এ দেশের ভবিষ্যৎ কী হবে তা স্পষ্ট নয়। তবে আমরা চাই মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খান।
সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সদরের সাবেক আমির মো. নাছির উদ্দিনসহ জেলা, সদর ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, জুলাই আন্দোলনে নিহত চাঁদপুর সদরের মো. সিয়াম সর্দার, আব্দুর রহমান দেওয়ান, আবুল হোসেন, সাজ্জাদ হোসেন, হাজীগঞ্জের আজাদ সরকার, কচুয়ার মো. হাসান, সামিউল আলম নুর, ফরিদগঞ্জের শাহাদাত হোসেন, মতলব দক্ষিণের গোলাম রাব্বি, মিজানুর রহমান মিলন তপদার, আব্দুল্লাহ আল তাহের, মতলব উত্তরের পারভেজ বেপারী ও সুজন খানের পরিবারকে জেলা জামায়াতের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।








