প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০২
মুক্তিযোদ্ধা ও নাট্যাভিনেতা মোহাম্মদ আলীর ৪২তম মৃত্যুবার্ষিকী
বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ নাট্যাভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ৪২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদ তাঁর স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। তৎকালীন চাঁদপুর মহকুমায় মোহাম্মদ আলী বিভিন্ন নাটকে সুনিপুণ অভিনয় করে তাঁর বিরল প্রতিভার স্বাক্ষর রাখেন।
বিশেষ করে তিনি স্বাধীনতোত্তরকালে বাংলাদেশ চলচ্চিত্র ও বিটিভির শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদী, আনোয়ার হোসেন, নায়ক প্রবীর মিত্রসহ অনেক খ্যাতিমান অভিনেতার সাথে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তৎকালীন বৃহত্তর কুমিল্লা জেলার আন্তঃজেলা নাট্যোৎসবে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পক্ষে অভিনয় করে বেশ ক’বার একক পুরস্কার লাভ করেন। তিনি চাঁদপুর ছাড়াও বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পর্যায়ে অভিনয় ও খেলাধুলায় অংশগ্রহণ করে কয়েকবার একক পুরস্কার লাভ করে প্রতিভার স্বাক্ষর রাখেন। তিনি সুনিপুণ অভিনয় করে প্রতিভার মাধ্যমে তৎকালীন চাঁদপুর মহকুমায় অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগী সৃষ্টি করতে সফল হন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি কিডনী রোগে আক্রান্ত হয়ে ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। তখন বাংলাদেশে কিডনী রোগের কোনো ভাল চিকিৎসার ব্যবস্থা ছিলো না। বর্তমানে কিডনী রোগের এ দেশে ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তখন চিকিৎসা ব্যবস্থা ভালো থাকলে হয়তো আল্লাহ পাক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে আজও বাঁচিয়ে রাখতেন। তিনি আজ এ পৃথিবীতে অনেক ভালো কাজ করতে পারতেন বলে অনেকের মতামত।
তিনি চাঁদপুরের নাট্যাঙ্গনের পথিকৃৎ ও স্বনামধন্য নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও চাঁদপুর বনানী খেলাঘর আসরের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়া তিনি এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি আইপি টিভি ‘চাঁদপুর টিভি.কম’- এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম-এর উপদেষ্টা, ঢাকা টাইমস্ ২৪.কম, দৈনিক চাঁদপুর কণ্ঠ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ শওকত আলীর জ্যেষ্ঠ ভ্রাতা।








