প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৯
শাহরাস্তিতে হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইঞ্জিনিয়ার মমিনুল হক

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সুয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় মঞ্চ থেকে নেমে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক সাধারণ জনগণের কাতারে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ফুল নিয়ে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শুরু করে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে বিজয়ী এ সংসদ সদস্য। দলীয় নেতৃবৃন্দ ছাড়াও ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে আসেন মেহের ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, সাংবাদিক, সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামালসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধারে তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান। এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।








