বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৩

হাজীগঞ্জে শান্তিপূর্ণভাবে দু ব্যালটে ভোটগ্রহণ সম্পন্ন

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে শান্তিপূর্ণভাবে দু ব্যালটে ভোটগ্রহণ সম্পন্ন
হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। ছবি : চাঁদপুর কণ্ঠ।

সারাদেশের ন্যায় হাজীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গণভোটের হ্যাঁ/না এক ব্যালট ও দলীয় প্রতীকে আরেকটি ব্যালট মিলিয়ে দুটি ব্যালটে ভোট দিয়েছেন ভোটাররা। দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছাড়া সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট অনুষ্ঠিত হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার দায়িত্ব পালন করেছে। হাজীগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করায় হাজীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনের ১৫৬টি কেন্দ্রে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে হাজীগঞ্জের ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ফুটবল প্রতীকের জাকির হোসেন প্রধানীয়া দুটার পূর্বে নির্বাচন বর্জন করেন।

দিনভর সরজমিন ঘুরে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সরাসরি ভোট দিতে কেন্দ্রে না আসলেও সংখ্যালঘু নারী ভোটারের উপস্থিতি ছিলো সব কেন্দ্রেই। সব কেন্দ্রে হিন্দু ভোটারের পাশাপাশি নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে লাগার মতো। তবে তুলামূলকভাবে পুরুষ ভোটারের উপস্থিতি ছিলো কম। বেলা ১১ টার দিকে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল কেন্দ্রের বাইরে ধানের শীষ ও ছাতা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের সাথে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পরে আবার তারা মিলে যায়।

সকাল থেকেই উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বেলা ১টার দিকে সাতবাড়িয়া এম এন ফাজিল মাদরাসা কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। তবে দুপুরের পর থেকে কেন্দ্রগুলোতে থেকে থেকে নারী ভোটার আসতে থাকলেও বরাবর পুরুষ উপস্থিতি ছিলো তুলনামূলক কম।

দুপুরে উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের একটি কেন্দ্রে এক যুবককে ও ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সপ্রাবি কেন্দ্রে আরেক যুবককে জাল ভোট দেবার দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজার মুখোমুখি হতে হয়। সকাল ৮টার দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জ বাজারস্থ ৫ নং ওয়ার্ডের চিলড্রেন একাডেমিতে ভোট দেন। এর পরে তিনি উপজেলার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো ঘুরে ঘুরে সংগৃহীত ভোটের হিসাব ও সময় মিলিয়ে শাহরাস্তিতে চলে যান। এ ছাড়া ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত ছাতা প্রতীকের প্রার্থী ড. নেয়ামুল বশির নিজ কেন্দ্রে ভোট দিয়ে বাকি কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখেন। একইভাবে হাতপাথা, চেয়ারসহ অন্য প্রার্থীরা দুটি উপজেলার গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়