প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৪
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড়

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের চাঁদপুর শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
|আরো খবর
বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রটিতে নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রের বাইরে ছিল উৎসবমুখর পরিবেশ।
নির্বাচনী মাঠে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ভোটারদের সহায়তা করতে দেখা গেছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের উপস্থিতি এবং সহযোগিতা ছিল লক্ষণীয়। সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল অত্যন্ত প্রশংসনীয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।
দুপুরের পর ভোটার উপস্থিতি কিছুটা কমলেও শ্রমজীবী মানুষ কাজের ফাঁকে ফাঁকে এসে ভোট দিয়ে গেছেন। উপস্থিত অনেক ভোটার আবেগাপ্লুত হয়ে জানান, দীর্ঘ ১৭ বছর পর তারা অত্যন্ত সুন্দর ও নিরাপদ পরিবেশে নিজের ভোটটি দিতে পেরে আনন্দিত।
ডিসিকে/এমজেডএইচ








