শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ২২:৩৩

মতলবের মাদক ব্যবসায়ী তাজু বেপারীর খুঁটির জোর কোথায়?

সোহাঈদ খান জিয়া।।
মতলবের মাদক ব্যবসায়ী তাজু বেপারীর খুঁটির জোর কোথায়?

মতলব দক্ষিণ উপজেলার কাজলী সিনেমা হল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তাজু বেপারী আইনের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে তার রমরমা মাদক ব্যবসা। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নানা কৌশলে মাদক কেনাবেচায় ব্যস্ত থাকে সে। শুধু নিজে নয়, একটি বিশাল সিন্ডিকেট ও একাধিক খুচরা বিক্রেতার মাধ্যমে সে পুরো এলাকায় মাদকের জাল বিস্তার করেছে। যার বিষাক্ত ছোবলে ধ্বংসের মুখে পড়েছে স্থানীয় যুবসমাজ এবং এলাকার উঠতি বয়সী তরুণেরা দিন দিন আসক্ত হয়ে পড়ছে মরণনেশায়।

অনুসন্ধানে জানা যায়, তাজু বেপারীর গড়ে তোলা ওই বিশাল সিন্ডিকেটের কার্যক্রম শুধু কাজলী এলাকাতেই সীমাবদ্ধ নয়; বরং এর পরিধি ছড়িয়ে পড়েছে বরদিয়া আড়ং বাজার, মুন্সীরহাট বাজার, পিংড়া বাজার, বোয়ালিয়া এবং পার্শ্ববর্তী চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকা পর্যন্ত। বিশ্বস্ত সূত্রের তথ্যমতে, এসব এলাকার নিয়ন্ত্রণ ও মাদক সরবরাহের দায়িত্বে রয়েছে তার অনুসারী ও সহযোগীরা।

এর আগেও একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে তাজু বেপারী। কিন্তু কিছুদিন জেল খেটে জামিনে কিংবা কারামুক্ত হয়ে সে পুনরায় আগের পেশায় ফিরে যায়। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এত মামলা ও আটকের পরও কোন্ অদৃশ্য শক্তির ছায়াতলে এবং কার প্রভাবে সে বারবার পার পেয়ে অবাধে এই কারবার চালিয়ে যাচ্ছে?

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ক'জন এলাকাবাসী জানান, অত্যন্ত চতুর প্রকৃতির তাজু বেপারী দীর্ঘ বছর ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। মাদকের আগ্রাসনে এলাকার যুবসমাজ আজ ধ্বংসের পথে। শুধু তাজু একাই নয়, তার বাবা গেসু বেপারীও অতীতে এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, যুবসমাজকে রক্ষা করতে হলে এই মাদক সিন্ডিকেটের মূলহোতা তাজু বেপারীকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা জরুরি। পাশাপাশি তার নেপথ্যের মদদদাতা ও শক্তিশালী চক্রটিকেও খুঁজে বের করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়