শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ২২:৩৬

ইউনিয়ন পরিষদ নির্বাচন : ফরিদগঞ্জের সম্ভাব্য প্রার্থী-৪

সুবিদপুর পূর্ববাসী কি পাবে সুবোধ প্রতিনিধি?

নুরুল ইসলাম ফরহাদ।।
সুবিদপুর পূর্ববাসী কি পাবে সুবোধ প্রতিনিধি?

ফরিদগঞ্জ সদর থেকে সবচেয়ে দূরের ইউনিয়ন হলো ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন। ফরিদগঞ্জ উপজেলার উত্তর-পূর্বাংশে এই ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের পশ্চিমে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন, দক্ষিণে গুপ্টি পূর্ব ইউনিয়ন এবং পূর্ব ও উত্তরে হাজীগঞ্জ উপজেলা। সুবিদপুর পূর্ব ইউনিয়নের আয়তন ১৬.০৪৩ বর্গকিলোমিটার। বাঁশারা ও মনতলা এই ইউনিয়নের বড় বাজার। ওয়াপদা বেড়িবাঁধ হলো ইউনিয়নের অন্যতম দর্শনীয় স্থান। এই ইউনিয়ন থেকে হাজীগঞ্জ সদর অনেক কাছে হওয়ায় এখানকার অধিকাংশ মানুষের হাজীগঞ্জেই যাতায়াত বেশি।

ফরিদগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের মোট ভোটার ২৩ হাজার ৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১৩৮ জন এবং নারী ভোটার ১০ হাজার ৯৩০ জন। এখানে ভোটকেন্দ্র ১০টি এবং ভোটকক্ষ ৪৩টি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের প্রাদুর্ভাব বা অবস্থা অত্যন্ত ভয়াবহ। এছাড়া রাস্তাঘাটের অবস্থাও বেশ খারাপ। ফরিদগঞ্জ উপজেলা এলজিআরডির অসহযোগিতার কারণে ইউনিয়নের রাস্তাঘাটের সঠিক তথ্য জানা যায়নি।

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন। আওয়ামী লীগের ভরা যৌবনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মো. বেলায়েত হোসেন সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং তিনিও এবার নির্বাচন করবেন। এছাড়া বিএনপি পরিবারের অন্যান্য সম্ভাব্য প্রার্থীর মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুক আহমেদ বেশ জনপ্রিয় একজন মানুষ। অনেক আগে থেকেই তিনি প্রচারণায় রয়েছেন। শিক্ষিত, মার্জিত ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। ছাত্রদলের রাজনীতির মাধ্যমেই তাঁর রাজনীতিতে আগমন।

এদিকে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপি সমর্থিত প্রবাসফেরত হানিফ মুন্সির নামও শোনা যাচ্ছে নির্বাচনী মাঠে। মাঠে আছেন ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মিয়াজী ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাসান। এছাড়া জামায়াত সমর্থিত সম্ভাব্য প্রার্থী হিসেবে হাওলাদার মো. দেলোয়ার হোসেনের নামও আলোচনায় রয়েছে। নির্বাচনের তারিখ এখনো ঘোষিত না হলেও প্রার্থীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন।

এখন দেখার বিষয়, সুবিদপুর পূর্বের বাসিন্দারা কি সত্যিই একজন সুবোধ প্রতিনিধি পাবেন—যার বোধশক্তি হবে সম্পূর্ণ জনকল্যাণমুখী?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়