মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭

আহমা‌দিয়া ফা‌জিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া

শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া-সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

....অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উ‌দ্দিন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া-সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
চাঁদপুর আহমা‌দিয়া ফা‌জিল (‌ডিগ্রি) মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উ‌দ্দিন।

চাঁদপুর শহরের আহমা‌দিয়া ফা‌জিল (‌ডিগ্রি) মাদরাসার বা‌র্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়া‌রি ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন চাঁদপুরের অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উ‌দ্দিন।

মাদ্রাসার অধ্যক্ষ মাসুম বিল্লাল মজুমদারের সভাপ‌তিত্বে বিশেষ অ‌তি‌থির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অ‌ফিসার মো. রুহুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপ‌তি সোহেল রুশদী, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট না‌হিদ ইকবাল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ ল‌তিফ ও সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন পাটওয়ারী।

প্রধান অ‌তি‌থির বক্তব্যে অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উ‌দ্দিন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মাদ্রাসায় এসে এই ধরনের আয়োজন দেখে আমার ভালো লেগেছে। আ‌মি চাইবো পড়াশুনার পাশাপাশি আপনারা এমন সা‌হিত্য-সংস্কৃতির কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। সামনে শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে। তাই প্রয়োজনে তাদের অ‌তি‌রিক্ত ক্লাস করাবেন। যা‌তে করে ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফল করতে পারে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প‌বিত্র কোরআন পুরো এক‌টি জীবন বিধান। তাই প‌বিত্র এ গ্ৰন্থ থেকে আমরা সুন্দর জীবন গড়ার সকল কিছু গ্রহণ কর‌তে পা‌রি। কোরআন হাদিস শুধুমাত্র মুখস্থ পড়লেই চলবে না, ভালো করে বোঝা এবং ধারণ করার চেষ্টা করবে। ধর্মীয় গ্রন্থের পড়াগুলো নিয়ে সম্ভব হলে গবেষণা করার চেষ্টা করবে। তবেই তোমরা দুনিয়া এবং আখেরাতে এর সুফল পাবে।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বা‌র্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই এক‌টি দি‌নের জন্যে শিক্ষার্থীরা সারা বছর ধরে অধীর আগ্রহ নিয়ে অ‌পেক্ষায় থাকে--এই দিনটিকে তারা উৎসবের সাথে উপভোগ করবে বলে। কিন্তু প‌রিতা‌পের বিষয় হচ্ছে, চাঁদপুর শহরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার কোনো মাঠ নেই। এখানে এসেও আমি সেটি দেখতে পেলাম। অথচ এই প্রতিষ্ঠানটির সুন্দর অবকাঠামো, শিক্ষার্থী এবং সুদক্ষ শিক্ষক পরিষদ রয়েছে। তিনি বলেন, আগামীতে অন্য কোনো মাঠে উন্মুক্ত পরিবেশে এই ধরনের আয়োজন করার জন্য আপনারা চেষ্টা করবেন। প্রয়োজনে সেটি দিনব্যাপী চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠ এবং চাঁদপুর আউটার স্টেডিয়ামে হতে পারে। আমরা চাই কোমলমতি শিক্ষার্থীদের বছরের এই ক্রীড়া অনুষ্ঠানের দিনটিতে ভবনবন্দী না হয়ে খোলা আকাশের নিচে, উন্মুক্ত পরিবেশে খেলা এবং পুরস্কার বিতরণ উদযাপন--একই সাথে হোক ।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, বেশির ভাগ মাদরাসাতেই খেলাধুলার চর্চা নেই। বার্ষিক ক্রীড়াও হয় কম। তবে এই ঐতিহ্যবাহী মাদরাসা এর ধারাবাহিকতা ধরে রেখেছে ক্রীড়ানুষ্ঠান করে। এছাড়া এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী দ্বীনি ও সাধারণ শিক্ষা গ্রহণ করে বেশ সুনাম করেছে। তিনি শিক্ষার্থীদের বলেন, মানুষের মতো মানুষ হতে হবে। একাডেমিক পড়াশুনা, খেলাধুলাসহ সকল বিষয়ে তোমাদের পারদর্শী হতে হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, আমাদের সন্তানদের ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একটি উন্নত-সমৃদ্ধ এবং মানবিক সমাজ তথা, পৃথিবী গড়ে তোলার জন্যে ভালো মানুষের খুব প্রয়োজন। পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি এবং প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। না হয় প্রতিযোগিতার বিশ্বে তারা পিছিয়ে পড়বে।

তিনি আরো বলেন, এই মাদ্রাসাটি চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। শিক্ষকদের চমৎকার দায়িত্বশীল নেতৃত্বে এই মাদ্রাসাটি দীর্ঘকাল ধরে শিক্ষা ক্ষেত্রে গৌরব ধরে রেখেছে। আমরা আশা করবো আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আজকে তাদের চমৎকার আয়োজন দেখে আমরা আনন্দিত হয়েছি। আগামীতে তাদের যে কোনো প্রয়োজনে চাঁদপুর প্রেসক্লাব তথা সাংবাদিক সমাজ পাশে থাকবে।

এর আগে দিন কয়েক ধরে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজন উৎসবে পরিণত হয়। আহমা‌দিয়া ফা‌জিল (‌ডিগ্রি) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হা‌মিদের প‌রিচালনায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সহকারী অধ্যাপক জ‌হিরুল ইসলাম প্রমুখ । পরে প্রধান অতিথি, বিশেষ অথিথিগণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়