প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৮
চাঁদপুরে জামায়াত প্রার্থীর সম্পাদিত পত্রিকায় হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে
বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অপপ্রচারে পৌর বিএনপির নিন্দা-প্রতিবাদ

চাঁদপুর পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদপুর-৩ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর মালিকানাধীন ও সম্পাদিত পত্রিকায় পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাদের অপরাধচক্রের সঙ্গে জড়ানোর অপচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে চাঁদপুর পৌর বিএনপি। নির্বাচনের প্রাক্কালে প্রার্থীর নিজের পত্রিকাকে ব্যবহার করে এমন ন্যাক্কারজনক মিথ্যাচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়, চাঁদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া সম্পাদিত দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকায় 'চাঁদপুর সদরে সক্রিয় হয়ে উঠছে অপরাধীচক্র’ শিরোনামে শুক্রবার একটি ভিত্তিহীন ও অসত্য প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ না করে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অপরাধী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, যা সংবাদপত্র ও সাংবাদিকতার নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। আমরা এই ঘৃণ্য, নোংরা অপসাংবাদিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ষড়যন্ত্রের অংশ হিসেবেই নির্বাচনের প্রাক্কালে বিএনপির নেতা-কর্মীদের বিতর্কিত ও হয়রানি করতে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। চাঁদপুর-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ভোটারদের রায়ের ওপর আস্থা না রেখে তার সম্পাদিত পত্রিকাকে নির্বাচনী অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। ভোটের দিন তথাকথিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নির্বিঘ্ন করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যেই বিএনপি নেতা-কর্মীদের অপরাধচক্রের সঙ্গে জড়ানোর অপচেষ্টা চলছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। অবিলম্বে এ মিথ্যা সংবাদের সঠিক তথ্য তুলে ধরে দুঃখ প্রকাশ না করলে ভুক্তভোগীরা আইনগত ব্যবস্থাগ্রহণ করবেন।








