প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৯
চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলনের বাবার ইন্তেকাল

চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার দেশের চাঁদপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিলনের বাবা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান ইন্তেকাল করেছেন। তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর সাড়ে ১২ বারোটায় বার্ধক্যজনিত কারণে চাঁদপুরে মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি দু ছেলে ও পাঁচ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
|আরো খবর
মরহুমের নামাজে জানাজা বুধবার রাত সাড়ে আটটায় তাঁর গ্রাম চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সামনে বাদ এশা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি শাহতলী কামিল মাদ্রাসা থেকে টাইটেল পাস করেন। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ এবং বিনয়ী মানুষ ছিলেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
আলহাজ্ব মাওলানা সাদুল্যা খানের মৃত্যু সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। চাঁদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক প্রকাশ
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশার ও প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক মেঘনা বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক জিএম শাহীন, বার্তা সম্পাদক আনোয়ারুল হক এবং চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম ও সাধারণ সম্পাদক মো. শাওন পাটওয়ারী মাওলানা সাদুল্যা খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।








