প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫
চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চাঁদপুরে জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
|আরো খবর
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে : ১ সেপ্টেম্বর সকাল ৬টায় জেলা ও উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; সকাল ১০টায় বৃক্ষরোপণ, পুকুর, জলাশয় ও ডোবানালার কচুরিপানা ও বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান; বিকেল ৩টায় শহরে বর্ণাঢ্য র্যালি ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে জনসভা।
জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। কর্মসূচির সার্বিক পরিচালনা করবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।
কর্মসূচি সম্পর্কে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দেশের ইতিহাস, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ দিন। এ বছরের কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সর্বদা জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে আসছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করা হবে।”
প্রতিষ্ঠাবার্ষিকীর বৈচিত্র্যময় আয়োজনের বিষয়ে অ্যাডভোকেট সেলিম জানান, অনুষ্ঠানটি কেবল প্রথাগত আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে না। পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বৃক্ষরোপণ এবং ডেঙ্গু প্রতিরোধে মশা প্রজননক্ষেত্র পরিচ্ছন্ন করার মতো সামাজিক ও জনকল্যাণমূলক কাজ এতে যুক্ত করা হয়েছে।
তিনি জানান, জেলা সদর ছাড়াও চাঁদপুরের প্রতিটি উপজেলায় র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
ডিসিকে /এমজেডএইচ








