শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৬:১৮

সাড়ে ৭ বছরে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি

সাড়ে ৭ বছরে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি

----চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
সাড়ে ৭ বছরে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি

গত সাড়ে সাত বছরে সারাদেশে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চাঁদপুরের খ্যাতিমান সাহিত্য সংগঠন ‘চর্যাপদ সাহিত্য একাডেমি’। সংস্থাটির মাসব্যাপী ‘৬ষ্ঠ বই উপহার মাস’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’—এই স্লোগানকে সামনে রেখে গত ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মাসটির কার্যক্রম শুরু হয়। পুরো অক্টোবর মাসজুড়ে পথঘাট, অফিস-আদালত ও যানবাহনে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হাতে শিল্প-সাহিত্যের বই তুলে দেওয়া হয়। মাসব্যাপী কর্মসূচির সফল বাস্তবায়ন শেষে শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এরপর ‘বই উপহার মাস’-এ সর্বোচ্চ উপস্থিতি, প্রচারণা ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার দেওয়ায় ৩ জন কর্মকর্তা-সদস্যকে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৬’ হিসেবে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন—সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম এবং নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

অনুষ্ঠানে বই উপহার মাসের আহ্বায়ক ও একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় এবং একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, “বই জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। চর্যাপদ একাডেমি ব্যতীত দেশের আর কোনো প্রতিষ্ঠান এভাবে মাসব্যাপী বিনামূল্যে বই উপহার কর্মসূচি পালন করে কি না তা আমার জানা নেই। মানুষকে বইমুখী করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভালো যে কোনো সামাজিক ও মানবিক কাজের পাশে আমরা সবসময় আছি।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা, চাঁদপুরের কৃতী সন্তান আনোয়ার হাবিব কাজল, রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, ‘বিজয়ী’-র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান, প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা মাহমুদা খানম, চর্যাপদ সাহিত্য একাডেমির প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, পরিচালক ফেরারী প্রিন্স, সাংবাদিক ও নাট্যজন আলমগীর পাটওয়ারী, সাংবাদিক ও সমাজসেবক আশিক খান, একাডেমির সচিব রিমি মজুমদার এবং সাহিত্যানুরাগী নাহিদা আফরোজ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আবু বকর সিদ্দিক, শ্রাবন্তী দাস ও দিপান্বিতা দাস। বাঁশি পরিবেশন করেন বেলাল শেখ।

একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন,“এ বছর আমরা এক হাজার বই উপহার দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। নানা প্রতিকূলতা ও ধর্মীয় উৎসবের কারণে শতভাগ লক্ষ্য পূরণ না হলেও প্রায় ৮০ শতাংশ অর্জিত হয়েছে। একাডেমি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আমরা ১৪ হাজারের বেশি বই উপহার দিতে পেরেছি।”

সভাপতির বক্তব্যে আয়েশা আক্তার রুপা বলেন, “মানুষকে বইমুখী করার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরির একটি আন্দোলন হিসেবে প্রতি বছর এ কর্মসূচি পালন করা হয়। আমাদের ইচ্ছে ছিল আরও বেশি বই বিতরণ করার, তবে সীমিত সাধ্যের মধ্যেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এবং ২০২১ সাল থেকে টানা ৬ষ্ঠ বারের মতো মাসব্যাপী বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ একাডেমি। এর মাঝে সংস্থাটি একটি ‘বই উপহার মেলা’ও আয়োজন করেছে। এ বছরের পুরো আয়োজনে পার্টনার হিসেবে ছিল ‘ফোকাস মোহনা ডটকম’ ও ‘প্যাপিরাস পাঠাগার’। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ঐতিহ্যবাহী দেশীয় পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়