শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৮

এক মাসে এক হাজার বই বিতরণের লক্ষ্য চর্যাপদ সাহিত্য একাডেমির

এক মাসে এক হাজার বই বিতরণের লক্ষ্য চর্যাপদ সাহিত্য একাডেমির
বিশেষ প্রতিনিধি

‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই, বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধবো ঘর, বইয়ের দিকে বাড়াও হাত, ঘুচে যাবে অন্ধ রাত’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে মাসব্যাপী ৬ষ্ঠ ‘বই উপহার মাস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চর্যাপদ সাহিত্য একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে রক্তিম ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, “শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক পড়ালেখায় সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের জ্ঞানমূলক ও সৃজনশীল বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে। অবসর সময়ে বই পড়ার অভ্যাস তরুণদের মননশীলতা বিকাশে সহায়তা করে এবং মাদকসহ যাবতীয় নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখে।” তিনি মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান।

বিশ্বজুড়ে ডিজিটাল মাধ্যমের প্রসারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, চর্যাপদ সাহিত্য একাডেমির সাহিত্য ও বইকেন্দ্রিক নানামুখী কার্যক্রম বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে একটি সমৃদ্ধ ওয়েবসাইট চালু করা প্রয়োজন। প্রেস ক্লাব সবসময়ই এ ধরনের মানবিক ও জ্ঞানভিত্তিক উদ্যোগের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক নেতা সর্দার আবুল বাশার, রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এর অধ্যক্ষ, বিশিষ্ট নারীনেত্রী মাহমুদা খানম, জাফরানী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, নাট্যজন ও সাংবাদিক কে এম মাসুদ, নারী নেত্রী ইশিতা বেগম এবং প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাট্যজন ও সাংবাদিক মোহাম্মদ আলমগীর, চাঁদপুর ল' কলেজের প্রভাষক রোজিনা বেগম চৌধুরী, একাডেমির পর্যবেক্ষক দিলীপ ঘোষ, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম এবং সাহিত্যানুরাগী নাহিদা আফরোজ।

অনুষ্ঠানের আহ্বায়ক ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, পুরো অক্টোবর মাসজুড়ে চাঁদপুরসহ আশপাশের পথেঘাটে, অফিস-আদালতে, যানবাহনে সাধারণ মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের হাতে প্রায় ১ হাজার কপি বই উপহার দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

উল্লেখ্য, গত সাত বছরে একাডেমিটি সাড়ে ১৩ হাজারের বেশি বই বিনামূল্যে পাঠকদের হাতে তুলে দিয়েছে।

সভাপতির বক্তব্যে আয়েশা আক্তার রুপা জানান, সমাজে বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহের মতো ব্যাধির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করাই তাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

আলোচনা পর্ব শেষে খোকন দাসের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপস্থিত অতিথিদের মাঝে দেশীয় পিঠা আপ্যায়নের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে নিয়মিত অক্টোবর মাসকে ‘বই উপহার মাস’ হিসেবে পালন করে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এর আগে ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বই বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়