প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২৩:২৪
কানাডার এডমন্টন শহরে সাস্টিয়ানদের প্রথম মিলনমেলা

গত ১৫ আগস্ট ২০২৬ (শনিবার) কানাডার এডমন্টন শহরে সাস্টিয়ান সোসাইটির উদ্যোগে প্রথমবারের মতো বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। স্থানীয় রান্ডেল পার্কে রৌদ্রোজ্জ্বল বিকেলে এই বনভোজন অনুষ্ঠিত হয়। এতে এডমন্টন শহর ছাড়াও আশপাশের এলাকা থেকে সাস্টিয়ানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বনভোজনের মূল আনুষ্ঠানিকতা বিকেলে শুরু হলেও সকাল থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা (সাস্টিয়ানরা) পরিবার-পরিজন নিয়ে পার্কে সমবেত হন। পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়শেষে শুরু হয় দেশীয় বাহারি সব খাবারের ভোজনবিলাস। পোলাও, চিকেন রোস্ট, খাসির রেজালা, সালাদ আর মিষ্টি দই—আহা! দেশীয় এসব খাবারের সুবাসে পার্কের পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। সঙ্গে স্মৃতিচারণ আর জম্পেশ আড্ডা তো ছিলই।
কানাডার জীবনযাত্রা, আইনকানুন ও ক্যারিয়ারসহ নানা বিষয়ে বিস্তর আলাপচারিতা হয়। এসব বিষয়ে যাঁরা কানাডায় নতুন এসেছেন, তাঁদেরকে জ্যেষ্ঠ ও সফল সাস্টিয়ানরা দিকনির্দেশনা প্রদান করেন। পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং র্যাফেল ড্র এই আয়োজনকে আরও আনন্দময় ও আকর্ষণীয় করে তোলে।
বনভোজনের মূল তত্ত্বাবধানে ছিলেন জামিল আহমেদ, মোহাম্মদ রাশিদ তাহের, ফয়েজ আহমেদ, ফাহিমিদা খানম উর্মি, জুলফিকার রাসেল, রাব্বানী রাসেল, আজিজুল হক, সাইফুল ইসলাম, সাদমান আবসার চৌধুরী, নুজহাত আনজুম, গৌরব কুমার সেন, আমিনুল হাসান, তাসলিমা সুলতানা প্রমুখ।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরস্কার বিতরণ করেন জ্যেষ্ঠ সাস্টিয়ানরা। আগামী বছরগুলোতে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে সবাই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।






