প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯
রাজনীতিতে এমনটি ইতিবাচক, দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠায় জবাবদিহি নিশ্চিত হোক

রাজনীতিতে দলীয় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে কেউ যদি ব্যক্তিস্বার্থ হাসিল, ক্ষমতার অপব্যবহার কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি। এ ক্ষেত্রে পদ-পদবি নয়, অপরাধের ধরন ও প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণই হওয়া উচিত নীতি।
চঁাদপুর সদর উপজেলা বিএনপির সাম্প্রতিক সাংগঠনিক উদ্যোগ এ প্রসঙ্গে আলোচনার দাবি রাখে। ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চান মিয়া চৌকিদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মিয়া চৌকিদারের বিরুদ্ধে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়ার বিষয়টি সাংগঠনিক জবাবদিহির অংশ।
একইভাবে, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের বিরুদ্ধে সালিসের নামে অনিয়মের অভিযোগে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার বিষয়ে কারণ দর্শানোর নোটিস দেওয়ার ঘটনাটিও গুরুত্বপূর্ণ। অভিযোগের যথাযথ তদন্ত এবং অভিযুক্তের বক্তব্য শোনার মাধ্যমে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দলের অভ্যন্তরে ন্যায়সংগত চর্চা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।
স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় চঁাদপুর সদর উপজেলা বিএনপি দলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এ ধরনের পদক্ষেপ নিচ্ছেÑএমন উদ্যোগের ধারাবাহিকতা প্রত্যাশিত। তবে শোকজ নোটিস জারি করাই শেষ কথা নয়; অভিযোগের নিরপেক্ষ তদন্ত, যথাযথ জবাব মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাগ্রহণের মধ্য দিয়েই এর কার্যকারিতা প্রমাণিত হবে।
আমরা প্রত্যাশা করি, দলের নাম ব্যবহার করে যারা চঁাদাবাজি, তদবির-বাণিজ্য, সাধারণ মানুষকে হয়রানি কিংবা আদালত ও প্রশাসনে অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, তাদের বিরুদ্ধেও একই নীতি অনুসরণ করা হবে। রাজনৈতিক পরিচয় যেন অন্যায় থেকে দায়মুক্তির ঢাল না হয়। একই সঙ্গে অভিযোগের সত্যতা প্রমাণের আগে কাউকে দোষী সাব্যস্ত করাও সমীচীন নয়।
রাজনৈতিক দলের শক্তি শুধু জনসমর্থনে নয়, নৈতিকতা, দায়িত্বশীলতা ও জনগণের আস্থার মধ্যেও নিহিত। দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ যদি হয় নিরপেক্ষ, নিয়মতান্ত্রিক ও সবার জন্য সমান, তাহলে তা রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করতে পারে। চঁাদপুর সদর উপজেলা বিএনপির এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকুকÑএটাই প্রত্যাশা।







