শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ২২:৫৫

চাঁদপুর শহরে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম

নিরাপত্তার চাদরে মণ্ডপ, নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পুলিশ তৎপর

আব্দুল্লাহ আল মামুন।।

অনলাইন ডেস্ক
নিরাপত্তার চাদরে মণ্ডপ, নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পুলিশ তৎপর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাতে তিনি চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কর্তৃপক্ষ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলার প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করছেন।”

তিনি আরও জানান, উৎসবের আমেজ অক্ষুণ্ন রাখতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানের পাশাপাশি অবৈধ যানবাহন এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূজার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে ডিআইজি বলেন, “পূজার প্রথম দিন অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। আশা করছি, সামনের দিনগুলোতেও এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।” তিনি বাংলাদেশের আবহমান সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবাইকে আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ এবং চাঁদপুর কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল সাহা।

এ সময় জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দে, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ঘোষ, পৌর কমিটির সভাপতি নেপাল সাহা, মহিলা সম্পাদিকা মাধবী সাহাসহ পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিদর্শনের কার্যক্রম ও মতবিনিময় সভাটি সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়