প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ২১:২৩
নদীপথে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী।। শত শত আশেকে রাসুলের অংশগ্রহণ
দাওয়াতে ইসলামি চাঁদপুর শাখার ব্যতিক্রমী আয়োজন

ছরকার কি আমদ মারহাবা, আক্বা কি আমদ মারহাবা, মারহাবা ইয়া মারহাবা, মারহাবা ইয়া মোস্তাফা', 'তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমার-ই সেথা চাঁদও দোলে', 'ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ এলো রে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়'--এভাবেই শত শত নবী প্রেমিক সমবেতকণ্ঠে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে রাসুল, দরুদ ও সালাম পাঠ করে চাঁদপুরের নদীপথকে মুখরিত করে তোলে। প্রায় ডজনখানেক ট্রলারে করে সুসজ্জিত হয়ে চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র শুভাগমন দিবস 'ঈদে মিলাদুন্নবী'কে স্বাগত জানিয়েছেন পাঁচ শতাধিক নবী প্রেমিক সুন্নী মুসলমান। ব্যতিক্রমী এই আয়োজনটি করে আহলে সুন্নাত ওয়াল জামাআতের
|আরো খবর
আকীদাভিত্তিক তরিকতপন্থী সংগঠন 'দাওয়াতে ইসলামি বাংলাদেশ' চাঁদপুর শাখা।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড থেকে নদীপথে এই জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত আকারে মোলহেড প্রদক্ষিণ করে জুলুছ। এরপর ট্রলারে করে সবাই নদীতে জুলুছ করে। ডাকাতিয়া নদীতে জুলুছটি মোলহেড থেকে শুরু হয়ে গাছতলা ব্রিজ পর্যন্ত গিয়ে সেখানে দক্ষিণ তরপুরচণ্ডী হাফেজ মমতাজউদ্দিন (র.) হাফেজিয়া মাদ্রাসা মসজিদে আসর নামাজ আদায় করে পুনরায় নদীপথে বড় স্টেশন মোলহেডে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য এই জশনে জুলুছে আমন্ত্রিত অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্লাহ। আয়োজকদের মধ্যে ছিলেন দাওয়াতে ইসলামি বাংলাদেশ চাঁদপুর শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মাওলানা জিয়াউল হক, মো. জুয়েল রানা পাটওয়ারী, রিয়াদ হোসেন মিঠু, মুন্নাফ তালুকদার, আওলাদ হোসেন, মোহাম্মদ হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৃষ্টি জগতের জন্যে রহমত। তিনি শুধু মানবজাতির জন্যে রহমত হিসেবে প্রেরিত হননি, আল্লাহর সকল সৃষ্টির জন্যে নবী হচ্ছেন রহমত। যা আল্লাহ পাক কোরআনে বলেছেন এভাবে--"ওয়া মা আরছালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন।" তাই শুধু স্থলভাগে নয়, জলসীমায়ও প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র শুভাগমন দিবসকে স্বাগত জানিয়ে আজকের এই জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর আয়োজন।
দাওয়াতে ইসলামি বাংলাদেশ চাঁদপুর শাখা এই ব্যতিক্রমী আয়োজনটি করে নবী প্রেমিকদের উজ্জীবিত করেছে, আনন্দিত করেছে। সে জন্যে আয়োজকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান তারা।






