প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২১:৩০
চাঁদপুরে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ ও আলোচনা সভা
এসব সামাজিক কাজ শুধু মানুষের ভালোবাসা পাওয়ার জন্যে নয়, দায়িত্ববোধ থেকে করা
------ দেশবরেণ্য কথাসাহিত্যিক আনিসুল হক

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকালে প্রথম আলো বন্ধুসভা চাঁদপুর-এর আয়োজনে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা চাঁদপুর-এর সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনার পর বন্ধুসভার পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও দেশ বরেণ্য কথাসাহিত্যিক আনিসুল হককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার ও প্রথম আলোর বিনোদন বিভাগের প্রধান কবির বকুল, আনিসুল হকের সহধর্মিণী মেরিনা ইয়াসমিন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন আকাশ প্রমুখ।
|আরো খবর
আনিসুল হক তাঁর বক্তব্যে বলেন, যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো। আজকে চাঁদপুরে এসে দেখলাম আমাদের বন্ধুসভা অনেক ভালো ভালো কাজ করছে। আমরা মানুষের জন্যে, সমাজের জন্যে সারাবছর নানা কাজ করে থাকি। চাঁদপুরে দেখলাম ক্লিন চাঁদপুর নামে একটি সামাজিক সংগঠনও সামাজিক অনেক ভালো ভালো কাজ করছে। শহরের বিভিন্ন বৈদ্যুতিক পিলার ও গাছকে রংতুলির ছোঁয়ায় রঙিন করে তুলেছে। রাস্তার দুপাশে সারি সারি নানা ধরনের গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দর করেছে। আরও অনেক কাজ দেখে খুব ভাল লেগেছে। প্রথম আলো বন্ধুসভাও সরকারি ও জাতীয় দিবসগুলো পালন করে। আজকে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র বৃক্ষরোপণ করছে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে। এটা মানুষের শুধু ভালোবাসা পাওয়ার জন্যে নয়, দায়িত্ববোধ থেকে করা। এসব করে খুব সহজে মানুষের মনে জায়গা করে নেয়া যায়। আমরা চাই এই সহমর্মিতা নিয়ে প্রতেক্যের জায়গা থেকে মানুষ মানুষের জন্যে কাজ করুক। তাহলে এই বাংলাদেশ অন্য একটি সুন্দর বাংলাদেশে পরিণত হবে। অনুষ্ঠানে ত্রিনদী সংগঠনের শিশু শিল্পী কৃষ্ণকলির কণ্ঠে দেশের গান পরিবেশন করেন।








