শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

স্টাফ রিপোর্টার
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আজ অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে আজ। চাঁদপুরসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শ্রদ্ধা ও ভালোবাসায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১২টা ১ মিনিটে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। আজ শনিবার একুশের ভোরে কালোব্যাজ ধারণ করে প্রভাতফেরী সহকারে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। সকাল দশটায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সময় পতাকা নামাতে হবে। শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। স্থান : স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে।

শহরের নতুন বাজার সড়ক, অঙ্গীকার, চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, শপথ চত্বর, ইলিশ চত্বর, চিত্রলেখার মোড়/সড়ক দ্বীপ, বাস স্ট্যান্ডসহ অন্যান্য সড়কে বাংলাসহ অন্যান্য দেশের ভাষার বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ করা হবে। সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক/শিক্ষিকাগণ নিজ নিজ প্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচির আদলে দিবসটি উদযাপনের ব্যবস্থাগ্রহণ করবেন। স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা হবে।

দিবসটির সুবিধাজনক সময়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন থাকবে। এছাড়া রাজনৈতিক দলসমূহ এবং বিভিন্ন সংগঠন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করবে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়