সোমবার, ১৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০২:৪০

পবিত্র ঈদুল আযহা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর শহরের যানজট নিরসনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে

ঈদে যাত্রীদের নিরাপদ চলাচলের বিষয়টিতে পুলিশের সজাগ দৃষ্টি দিতে হবে : জেলা প্রশাসক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর শহরের যানজট নিরসনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে
ছবির ক্যাপশন: পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ

পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে ২০২৬) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে পুরাণবাজার–নতুনবাজার ব্রিজের নিচ দিয়ে কোন্ কোন্ লঞ্চ চলাচল করতে পারবে তার একটি তালিকা তাকে দেওয়ার জন্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, বিআইডব্লিউটিএ'র সঙ্গে কথা বলে ইচলীঘাট থেকে লঞ্চ ছাড়ার বিষয়টি সমন্বয় করবো। ঈদে সবচেয়ে বড়ো সমস্যাগুলোর একটি হচ্ছে যানজট। যানজট নিরসনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, যেহেতু ২৮ মে পবিত্র ঈদুল আযহা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ২৪ মে থেকেই শহরের কালীবাড়ি, ছায়াবাণী মোড়, মিশন রোড, বাসস্ট্যান্ড ও বাবুরহাট এলাকায় ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের দায়িত্বে নিয়োজিত করতে হবে। যাতে সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে। সে জন্যে সকলের সহযোগিতা প্রয়োজন।

ফিটনেসবিহীন যানবাহন সম্পর্কে তিনি বলেন, চাঁদপুরে কোনো ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া যাবে না—তা ট্রাক, বাস, মোটরসাইকেল বা অন্য যে কোনো পরিবহনই হোক। এতে রাস্তায় ২০ থেকে ৩০ শতাংশ যানজট কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, অনেক মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ যানবাহন বছরের পর বছর রাস্তায় চলছে। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হলেও সেগুলো আবার রাস্তায় নামছে। প্রয়োজনে বিআরটিএ সপ্তাহে অন্তত তিন দিন মোবাইল কোর্ট পরিচালনা করে ফিটনেসবিহীন যানবাহন জব্দ ও জরিমানা করতে পারে। এছাড়া ট্রাক্টর, নচিমন ও করিমন চলাচলও নিয়ন্ত্রণে আনতে হবে।

ঈদে অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে তিনি বলেন, কোনো পরিবহন যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। প্রয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন স্থানে বিলবোর্ডের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানা বা শাস্তির ব্যবস্থা রাখার কথাও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন,চাঁদপুরে ঈদে যাত্রীদের নিরাপদে চলাচলের বিষয়টিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি দিতে হবে। যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় তা পুলিশ বাহিনীকে লক্ষ্য লাখতে হবে।

ঈদে বাড়িমুখী যাত্রী বিশেষ করে সড়ক, নীে ও ট্রেন স্টেশনে কঠোর নজরদারি রাখতে হবে।

প্রশাসন তৎপর থাকবে।

সভার শুরুতে বিগত সভার আলোচ্য বিষয় পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম হাওলাদার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউনুস আলী, বন্দর কর্মকর্তা মো. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম বাবু, জেলা ট্রাফিক পরিদর্শক প্রবীর কুমার দাস, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন মিলন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ এবং লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়