শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৮:৩০

ফরিদগঞ্জে ঋণের বোঝায় যুবকের আত্মহনন

অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জে ঋণের বোঝা সহ্য করতে না পেরে মো. মিজানুর রহমান (২৮) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে এবং দুই সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। আর্থিক সংকট ও বিভিন্ন কারণে তিনি ঋণের চাপে জর্জরিত হয়ে পড়েন। বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে এক পর্যায়ে শনিবার (১১ এপ্রিল ২০২৬) ভোরে সবার অগোচরে তিনি কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে ঋণের চাপে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলো। শনিবার সকালে কাউকে কিছু না জানিয়ে কীটনাশক খেয়ে ফেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়