প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৫:৩৩
মতলব দক্ষিণে গরুর খামার থেকে শ্রমিকের লাশ উদ্ধার

মতলব দক্ষিণে গরুর খামার থেকে মনজিল শেখ (৫৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
|আরো খবর
খামারের সাগর হোসেন (৩০) নামের এক শ্রমিকের রডের আঘাতে মনজিল শেখ (৫৫)-এর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৯ মার্চ ২০২৬) রাতে কোনো এক সময় মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়ির সেলিম প্রধানের গরুর খামারে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মনজিল শেখ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও এলাকার মৃত কালু শেখের ছেলে। সে দীর্ঘ ৪ বছর যাবত এই খামারে গরু দেখাশোনার কাজ করতেন। ঘাতক শ্রমিক সাগর হোসেন (৩০) সাতক্ষীরা সদর উপজেলার আব্দুল জব্বারের ছেলে। সে গত দেড় বছর আগে এই খামারে চাকরি নেয়। ঘটনার পর থেকে ঘাতক সাগর হোসেন পলাতক রয়েছে।
খামার মালিক সেলিম প্রধানীয়ার ছোট ভাই মো. ইয়াকুব প্রধান বলেন, প্রতিদিনের ন্যায় সকালে আমি গরুর খামারের খোঁজ-খবর নিতে আসলে দেখি, খামারে শ্রমিকদের কোনো সাড়া-শব্দ নেই। ডাকাডাকি করে দেখতে পাই, নিহত মনজিলের নিথর দেহ চৌকির ওপর পড়ে রয়েছে। পরে আমি ডাক-চিৎকার দিলে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে আসে।
এ সময় বিষয়টি পুলিশকে জানালে খবর পেয়ে এএসপি মতলব সার্কেল জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।








