রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২২:৪৭

মেরিন হাসপাতালে নারীর পেট থেকে সাড়ে ৬ কেজির টিউমার অপসারণ

সংবাদদাতা।।
মেরিন হাসপাতালে নারীর পেট থেকে সাড়ে ৬ কেজির টিউমার অপসারণ

চাঁদপুর শহরের তালতলায় মেরিন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ৬৫ বছর বয়সী এক নারীর পেট থেকে সাড়ে ৬ কেজি ওজনের একটি বিশাল আকৃতির টিউমার (ওভারিয়ান সিস্ট) সফলভাবে অপসারণ করা হয়েছে।

সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এইচএম হাসান ইমাম সানী এবং জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডা. মো. হাসান জুলকারনাইনের নেতৃত্বে একটি চিকিৎসক দল প্রায় দু ঘণ্টার জটিল অস্ত্রোপচারে এ সাফল্য অর্জন করেন।

চিকিৎসকরা জানান, চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া কাজী বাড়ির বাসিন্দা ও ৫ সন্তানের জননী মিলন বেগম (৬৫) দীর্ঘদিন ধরে পেট ফুলে যাওয়া ও হজমজনিত সমস্যায় ভুগছিলেন। স্বজনরা তাঁকে প্রথমে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হাসানের কাছে নিয়ে যান। আল্ট্রাসনোগ্রাফি ও ইবনে সিনা মেডিকেল সেন্টারে সিটি স্ক্যানের পর তার পেটে অস্বাভাবিক আকারের টিউমার শনাক্ত হয়। পরবর্তীতে রোগীর স্বজনরা কুমিল্লায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখালে জটিলতা ও অতিরিক্ত খরচের কথা জানানো হয়।

আর্থিক সীমাবদ্ধতার কারণে রোগীর স্বজনরা পুনরায় চাঁদপুর মেরিন হাসপাতালে যোগাযোগ করেন। সহকারী অধ্যাপক ডা. এইচএম হাসান ইমাম সানী রোগীর সব রিপোর্ট পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং একটি বিশেষজ্ঞ টিম গঠন করেন।

শনিবার (৮ আগস্ট ২০২৬) সন্ধ্যায় ডা. এইচএম হাসান ইমাম সানী ও ডা. মো. হাসান জুলকারনাইনের সাথে অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট ডা. আরিফুর রহমান কিরণ, ডা. সাইফ জামান এবং ডা. মনিষা জামান মীম অস্ত্রোপচারে অংশ নেন। সফল অস্ত্রোপচার শেষে পেট থেকে ৬ কেজি ৪৫০ গ্রাম ওজনের ফুটবল আকৃতির একটি টিউমার বের করা হয়। রোগী বর্তমানে সুস্থ আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ডা. এইচএম হাসান ইমাম সানী বলেন, এতো বড় আকারের টিউমার অত্যন্ত বিরল ও ঝুঁকিপূর্ণ। মানবিক দিক বিবেচনা করেই আমরা এই জটিল সার্জারির চ্যালেঞ্জ নিয়েছিলাম।

ডা. মো. হাসান জুলকারনাইন বলেন, টিউমারটি বড় হওয়ায় আশপাশের অঙ্গ-প্রত্যঙ্গ ও রক্তনালীতে ক্ষতির ঝুঁকি ছিল। আল্লাহর রহমতে কোনো জটিলতা ছাড়াই সফলভাবে এটি অপসারণ করা সম্ভব হয়েছে।

মেরিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জিহাদুল ইসলাম বলেন, কম খরচে সাধারণ মানুষকে সেবাদানই আমাদের মূল লক্ষ্য। স্বজনদের আস্থা ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় এ ধরনের একটি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার চাঁদপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়