প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২০:১৮
মতলব উত্তরে ইউসিবি ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
ইউসিবি বাগানবাড়ী আউটলেটের এজেন্ট সফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, ইউসিবি মতলব উত্তর শাখার ব্যবস্থাপক শেখ উজ্জ্বল মিয়া, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ হাশেম প্রধান ও বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. কবির হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতা, গণ্যমান্য ব্যক্তি, ইউসিবির হাজীগঞ্জ শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ মোল্লা ও উপজেলা যুবদলের সদস্য ফয়েজ মেম্বার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে ব্যাংকিং সেবাকে আধুনিক, নিরাপদ, সহজ ও গ্রাহকবান্ধব করতে ইউসিবি উদ্যোগ নিয়েছে। ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি পরিবেশবান্ধব গ্রিন ব্যাংকিং কার্যক্রমও পরিচালনা করছে।
নতুন এ আউটলেটের মাধ্যমে স্থানীয়রা ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিদ্যুৎ ও অন্যান্য বিল পরিশোধ, রেমিট্যান্স এবং ঋণসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে বিভিন্ন শাখা ও সেবা কেন্দ্রের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।
ছবি: মতলব উত্তরে ইউসিবি ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন করেন অতিথিরা।








