প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০১
হাইমচর-চাঁদপুর সড়কে ভাড়া নিয়ে যাত্রীদের ক্ষোভ
হাইমচর থেকে চাঁদপুর শহর পর্যন্ত সড়কে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে চরম নৈরাজ্যের অভিযোগ উঠেছে। বিশেষ করে আলগী বাজার ও চৌরাস্তা এলাকায় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনায় সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
|আরো খবর
ভুক্তভোগীদের অভিযোগ, যেখানে ৪০ টাকার ভাড়া, সেখানে ৬০ টাকা নেয়া হচ্ছে। ৬০ টাকার ভাড়া আদায় করা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। কেউ প্রতিবাদ করলে চালকদের কাছ থেকে দুর্ব্যবহার ও অশোভন আচরণের শিকার হতে হচ্ছে।
অতি সম্প্রতি দুপুর প্রায় তিনটার দিকে আলগী বাজার এলাকায় একাধিক যাত্রী অতিরিক্ত ভাড়া দাবির মুখে পড়েন। পরে ভুক্তভোগীরা অটোরিকশা দিয়ে চান্দ্রা চৌরাস্তা এলাকায় এলেও একই পরিস্থিতির সম্মুখীন হন তারা।
স্থানীয়দের দাবি, হাইমচর-চাঁদপুর সড়কে দীর্ঘদিন ধরেই ভাড়ার নৈরাজ্য চলছে। ভাড়ার নির্দিষ্ট তালিকা না থাকা এবং তদারকির অভাবেই এ অবস্থা তৈরি হয়েছে।
যাত্রীরা মনে করছেন, বিষয়টি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।








