বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৫

চাঁদপুরের ৯ সেতু একনেকে অনুমোদন, ঢাকার দূরত্ব কমবে ৭০ কিমি

শেখ ফরিদ আহম্মেদ মানিকের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, বদলে যাবে জেলার যোগাযোগব্যবস্থা

আব্দুল্লাহ আল মামুন।।
শেখ ফরিদ আহম্মেদ মানিকের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, বদলে যাবে জেলার যোগাযোগব্যবস্থা

চাঁদপুরের সড়ক যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। জেলার বিভিন্ন উপজেলায় ৯টি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলাকে সংযুক্তকারী ধনাগোদা নদীর ওপর ৮০০ মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হলে রাজধানী ঢাকার সঙ্গে চাঁদপুরের সড়কপথের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমে আসবে।

গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় চাঁদপুরের ৯টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়।

এই অনুমোদনের বিষয়টি গত বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। চাঁদপুর সদর ও হাইমচর এলাকার মানুষের পক্ষ থেকে তিনি এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুমোদিত ৯টি সেতুর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় তিনটি এবং শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় একটি করে সেতু রয়েছে।

ঢাকার দূরত্ব কমাবে ৮০০ মিটারের সেতু

প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর–মনোহরখাদী সড়কে ধনাগোদা নদীর ওপর ৮০০ মিটার দীর্ঘ সেতুটি। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হলে চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে চাঁদপুরের সড়কপথের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমে আসবে।

এ ছাড়া সদর উপজেলার ইসলামপুর–গাছতলা সড়কে ডাকাতিয়া নদীর ওপর ২০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণে প্রায় ৭০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সেতুটি নির্মিত হলে বাগাদী ইউনিয়নের জনবিচ্ছিন্ন চরমেয়াশা গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব হবে। একই উপজেলার মির্জাপুর–মৈশাদী সড়কে মঠখোলা খালের ওপর ৯৮ মিটার দীর্ঘ আরেকটি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যান্য উপজেলায় আরও ছয়টি সেতু

শাহরাস্তি উপজেলার খিলা বাজার জিসি–চিতোষী বাজার জিসি সড়কে ডাকাতিয়া নদীর ওপর ১৩০ মিটার দীর্ঘ আরসিসি সেতু নির্মাণ করা হবে। হাজীগঞ্জ উপজেলার পালিশারা বাজার–সোনাপুর সড়কের ডাকাতিয়া শাখা নদীর ওপর নির্মিত হবে ৫০ মিটার দীর্ঘ সেতু।

মতলব উত্তর উপজেলার উত্তর টরকী–শিবপুর খেয়াঘাট ভায়া তাতুয়া মিজিবাড়ী সড়কে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। মতলব দক্ষিণ উপজেলার কলাদী–দক্ষিণ বাইশপুর সড়কে জমজমিয়া খালের ওপর নির্মিত হবে ৫০ মিটার দীর্ঘ সেতু।

ফরিদগঞ্জ উপজেলার রূপসাগঞ্জ–জয়গঞ্জ সড়কে ডাকাতিয়া নদীর ওপর ১৬০ মিটার দীর্ঘ সেতু নির্মিত হবে। এটি ১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌরসভার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে কচুয়া উপজেলার সাচার ইউপি–রাগদৈল বাজার সড়কে পালাখাল খালের ওপর নির্মিত হবে ৪৬ মিটার দীর্ঘ সেতু।

বদলে যাবে যোগাযোগ ও অর্থনীতির চিত্র

সংশ্লিষ্টদের মতে, অনুমোদিত সেতুগুলো বাস্তবায়িত হলে চাঁদপুরের প্রত্যন্ত ও বিচ্ছিন্ন জনপদের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট অনেকটাই দূর হবে। বিশেষ করে চরাঞ্চলের মানুষের জেলা সদরে যাতায়াত, শিক্ষার্থী ও রোগীদের চলাচল এবং কৃষিপণ্য পরিবহন সহজ হবে।

একই সঙ্গে সেতুগুলোকে ঘিরে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা তৈরি হবে। রাজধানী ঢাকার সঙ্গে সড়কপথের দূরত্ব কমে আসায় চাঁদপুরের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

চাঁদপুরের যোগাযোগব্যবস্থার দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়নে একনেকে ৯টি সেতুর অনুমোদনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন জেলার জনপ্রতিনিধি ও সচেতন মহল। এখন এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়