প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২২:৩০
বিচারাধীন জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা, হাজীগঞ্জে বড় মসজিদের মুসল্লিদের বাধা

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যার পর মো. আলাল হোসেন নামের এক ব্যক্তি মসজিদের কবরস্থানসংলগ্ন দক্ষিণ-পশ্চিম পাশের চলাচলের পথ দখলের চেষ্টা করেন। মসজিদ কর্তৃপক্ষের দাবি, জায়গাটি মসজিদ কমপ্লেক্সের; অন্যদিকে আলাল হোসেন এটি নিজের মালিকানাধীন বলে দাবি করছেন। শেষ পর্যন্ত মুসল্লিদের বাধা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
|আরো খবর
আহমদ আলী (রহ.) ওয়াক্ফ এস্টেট কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার দিকে কিছু লোকজন নিয়ে মো. আলাল হোসেন মসজিদের মালিকানাধীন চলাচলের পথটি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় মুসল্লিরা বাধা দেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
এ সময় স্থানীয় বেশ কয়েকজন সংবাদকর্মীও ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সবার উপস্থিতিতে এসআই আবু আহম্মেদ নির্মাণকাজ বন্ধ রেখে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় হাজির হওয়ার পরামর্শ দেন।
সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ অস্বীকার করে মো. আলাল হোসেন বলেন, ‘এটি মসজিদের সম্পত্তি নয়, আমার নিজস্ব মালিকানাধীন জায়গা। আমি আমার জায়গায় স্থাপনা নির্মাণ করবো; কিন্তু মসজিদ কর্তৃপক্ষ সব সময় বাধা দিয়ে আসছে।’
এ বিষয়ে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের আইন উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ বলেন, "এটি চলাচলের পথ এবং এর পাশেই কবরস্থান। জায়গাটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মো. আলাল হোসেন রাতের অন্ধকারে জায়গাটি দখল করতে এলে মুসল্লিরা বাধা দেন।"








