প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২১:২৩
চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জনগণের শান্তি বিঘ্নিত করলে রাজপথেই দাঁতভাঙা জবাব দেওয়া হবে
---অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ষড়যন্ত্র, নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একই সঙ্গে জেলা যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলও করেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
|আরো খবর
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে জেলা, পৌর ও সদর উপজেলা যুবদলের অধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। মিছিলটি শহরের জোড়পুকুরপাড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি অ্যাড. নূরুল আমিন খান আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, “জনগণের নিরাপত্তার স্বার্থেই বিএনপি অতীতে রাজপথে ছিল, বর্তমানেও রয়েছে এবং আগামীতেও থাকবে। জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে এবং জনস্বার্থের ক্ষতিসাধন করে—এমন কোনো বিশৃঙ্খলা বিএনপি কোনো অবস্থাতেই বরদাস্ত করবে না।”
বিএনপিকে গণমানুষের দল হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “এটি কোনো নির্দিষ্ট অঞ্চলের দল নয়, বরং স্বাধীন বাংলাদেশের পুরো মানচিত্র ধারণ করে গড়ে ওঠা সর্বস্তরের মানুষের দল। বিএনপি জুলুম বা নির্যাতনের রাজনীতিতে বিশ্বাস করে না, সবসময় শান্তিপূর্ণ রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করে।”
বক্তব্যের শেষে হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “আমরা অপশক্তিকে বিশৃঙ্খলা না করার আহ্বান জানাচ্ছি। এরপরও যদি কোনো অপচেষ্টা চালানো হয়, তবে কেন্দ্রীয় নির্দেশনা ও দলীয় শক্তির মাধ্যমে রাজপথেই তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহানুর বেপারী শানু, সাবেক যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজীসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভা : যুবদলের বিক্ষোভ কর্মসূচি শেষে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদলের আসন্ন কর্মসূচি সফল করা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকার লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আ. কাদির বেপারী, কৃষক দলের কেন্দ্রীয় নেতা এনায়েত উল্লাহ খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল পাটোয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।








