বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:২২

কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি
কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচারের দাবিতে মানববন্ধনের একাংশ।

কচুয়া উপজেলার করইশ গ্রামের মৃর্ধা বাড়ির আলোচিত আড়াই বছর বয়সী শিশু ফাহমিদা আক্তার হত্যার ঘটনায় জড়িতদের বিচার ও পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে কচুয়া পৌরসভা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত শিশু ফাহমিদা আক্তারের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন নিহতের জেঠা ও হত্যা মামলার বর্তমান বাদী শফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম, নিহতের জেঠি নার্গিস আক্তার ও সাহেরা খাতুনসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিশু ফাহমিদার বাবা আমিন মিয়া অসুস্থ থাকার সুযোগে তার মা শারমিন আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় গত ২৪ মার্চ মধ্যরাতে ঘুমের ওষুধ খাইয়ে ফাহমিদাকে অচেতন করার পর কম্বল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তাদের দাবি।

বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করে শিশুটিকে নিজ গ্রামে দাফন করা হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও ঘটনার বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে ন্যায়বিচারের আশায় নিহতের বাবা আমিন মিয়া ২০ এপ্রিল চাঁদপুরের বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে এক মাসের মধ্যে কবর থেকে লাশ উত্তোলন, ময়নাতদন্ত সম্পন্ন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

‘তদন্ত প্রতিবেদন একতরফা ও মনগড়া’

মানববন্ধনে মামলার বর্তমান বাদী শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) ইমারত হোসেন সরেজমিনে যথাযথ তদন্ত না করে প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে প্রায় সাড়ে পাঁচ মাস পর আদালতে একতরফা ও মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

তিনি আরও বলেন, এ তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট না হওয়ায় বাদীপক্ষ নারাজি (আপত্তি) জানিয়েছে এবং মামলাটি পুনঃতদন্তের দাবি তুলেছে। আগামী ২৯ নভেম্বর এ বিষয়ে আদালতে শুনানির দিন ধার্য রয়েছে।

মানববন্ধনে বক্তারা শিশু ফাহমিদার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কোনো পক্ষের প্রভাব বা পক্ষপাতিত্ব ছাড়াই তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানান তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়