সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ২০:৩৫

নির্বাচনের আগেই ধান-চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার

নির্বাচনের আগেই ধান-চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার
অনলাইন ডেস্ক

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের আগেই সারাদেশে ধান-চাল সংগ্রহ অভিযান শেষ করতে চায় সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকারের হাতে সর্বোচ্চ পর্যাপ্ত মজুদ রয়েছে। বর্তমান সরকার এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত মজুদ গড়ে তুলেছিলো। এজন্যেই ধান–চালের দাম সহনীয় পর্যায়ে আছে।

আলী ইমাম মজুমদার বলেন, আমন সংগ্রহ কার্যক্রম আজ থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। এবার সারাদেশে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ লাখ টন। এর মধ্যে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার টন আতপ চাল ও ৬ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। অর্থাৎ সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। চাঁদপুর জেলা থেকেও ধান-চাল সংগ্রহের জন্যে বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৯ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা এবং প্রতি কেজি আতপ চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

উপদেষ্টা বলেন, আগে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হতো, এখন তা বাড়িয়ে ৫৫ লাখ করা হয়েছে। আগে যেখানে ৫ মাস সহায়তা দেওয়া হতো, এখন তা ৬ মাস করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত থাকবে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় খাদ্য মজুদ আরও বেশি থাকবে বলে তিনি আশা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়