প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮
ফরিদগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে হাত বেঁধে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) মাগরিবের নামাজের পর উপজেলার ৭ নম্বর পাইকপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
|আরো খবর
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মুনতাসির। সে শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং কামালপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
স্থানী সূত্রে জানা যায়, কামালপুর জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বের হওয়ার পর মুনতাসিরকে ডেকে নেন কামরুল বেপারী নামের এক ব্যক্তি। পরে তাকে ছুরির ভয় দেখিয়ে জোরপূর্বক একটি বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে হাত বেঁধে ফেলে কামরুল। এ সময় স্থানীয় কয়েকজন নারী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিয়ে এগিয়ে এলে অভিযুক্ত কামরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় শিশু মুনতাসির মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে পড়ে।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত কামরুলের সঙ্গে তাদের কোনো ধরনের পূর্বশত্রুতা নেই। তবে তাকে হত্যা করার উদ্দেশ্যেই এভাবে হাত বেঁধে নির্জন বাগানে নিয়ে যাওয়া হয়েছিল বলে তারা ধারণা করছেন।
ঘটনার খবর পেয়ে ওই রাতেই ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে শিশুটির পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।








