প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২২:১৪
রামগঞ্জে কাঁচা মরিচের দাম ৩০০ টাকা ছাড়ালো, বিপাকে সাধারণ ক্রেতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০০ টাকা ছাড়িয়েছে। বর্তমানে উপজেলার বিভিন্ন হাটবাজারে ৩২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অনেক ক্রেতাকে কাঁচা মরিচ না কিনেই বাজার থেকে ফিরে যেতে দেখা গেছে।
|আরো খবর
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, প্রতি ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় অনেকেই ১০০ থেকে ১৫০ গ্রাম করে মরিচ কিনছেন।
রামগঞ্জ কাঁচাবাজারে বাজার করতে আসা ওহিদ মোল্লা বলেন, “কাঁচা মরিচসহ প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ১০০ টাকার নিচে ভালো কোনো সবজি পাওয়া যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন।”
স্থানীয় সবজি ব্যবসায়ী বিদ্যুৎ বলেন, “সাধারণত আমি এক বস্তা কাঁচা মরিচ কিনি। কিন্তু দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আজ মাত্র পাঁচ কেজি মরিচ কিনেছি। বেশি দামে কিনলে বিক্রিও কম হয়।”
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, “দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে অনেক সবজি ও মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শিগগিরই বাজারে দামের স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করছি।”








