প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১১:২০
টেবিলের ওপর ঘুমন্ত শিশুকে দেখে কর্মজীবী মাকে ইউএনও’র দোলনা উপহার

নিজ কর্মস্থলে দুগ্ধপোষ্য শিশুকে টেবিলে শুইয়ে রেখেই দাপ্তরিক কাজ করছিলেন এক মা। বিষয়টি নজরে আসতেই নিজ উদ্যোগে ও অর্থায়নে শিশুটির জন্য একটি দোলনা কিনে উপহার দিয়েছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন।
|আরো খবর
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) হাজীগঞ্জ পৌরসভায় দাপ্তরিক কাজে গিয়ে এই মানবিক উদ্যোগ নেন তিনি। উপহার পাওয়া ওই নারী হাজীগঞ্জ পৌরসভার কর্মচারী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন পৌর প্রশাসকের দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার দাপ্তরিক কাজে তিনি পৌর ভবনে যান এবং বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি দেখতে পান, এক নারী কর্মচারী টেবিলের ওপর দুগ্ধপোষ্য শিশুকে ঘুম পাড়িয়ে দাপ্তরিক কাজ করছেন এবং শিশুটি নীরবে ঘুমিয়ে আছে।
শিশুটির স্বাচ্ছন্দ্যের কথা ভেবে তাৎক্ষণিকভাবে পৌরসভার এক কর্মচারীকে পাঠিয়ে বাজার থেকে একটি ভালো মানের দোলনা কিনে আনান ইউএনও এবং তা শিশুটির মায়ের হাতে তুলে দেন। এই মানবিক দৃশ্য দেখে উপস্থিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর আকন সানি, পৌর নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ, বাজার পরিদর্শক খাজা শফিউল আলম রুজমনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।








