প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ২২:৩৫
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের সদস্য নির্বাচিত ড্যাফোডিল উপাচার্য ড. এমআর কবির

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতি বা ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ’ (আইএইউ)-এর প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। ২০২৬-২০৩০ মেয়াদের জন্য তিনি এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে এ দায়িত্ব পালন করবেন।
|আরো খবর
গত ৩ থেকে ৬ নভেম্বর ২০২৬ অস্ট্রেলিয়ার পার্থের মারডক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আইএইউ-এর ১৭তম সাধারণ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সদস্য নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। বৈশ্বিক এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল—‘দ্য ভ্যালু অব ইউনিভার্সিটিজ ইন দ্য এরা অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিশ্ববিদ্যালয়ের মূল্য)।
এমন গৌরবময় অর্জনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির বলেন, “আইএইউ-এর প্রশাসনিক পর্ষদের সদস্য নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গুরুদায়িত্বের বিষয়। এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অগ্রগতি, সম্ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরার একটি বড় সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে কাজ করার পথ সুগম হলো। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান সময়ে উচ্চশিক্ষার গুণগত মান রক্ষা ও ভবিষ্যৎ-উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি।”
উল্লেখ্য, ১৯৫০ সালে ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত আইএইউ বিশ্বের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম শীর্ষ আন্তর্জাতিক সংগঠন। সংস্থাটি শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, একাডেমিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং সমসাময়িক নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে থাকে। বিশ্বের ১২০টিরও বেশি দেশের প্রায় ৬০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এর সদস্য।
এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ড. এম আর কবিরের এই নির্বাচন কেবল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্যই নয়, বরং বাংলাদেশের সমগ্র উচ্চশিক্ষা খাতের জন্য এক তাৎপর্যপূর্ণ সাফল্য। এর মাধ্যমে বৈশ্বিক শিক্ষানীতি নির্ধারণ, উচ্চপর্যায়ের একাডেমিক সংলাপ এবং আন্তর্জাতিক অংশীদারত্ব বৃদ্ধিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।
বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এম আর কবিরকে এই আন্তর্জাতিক অর্জনে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।








